রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দুই-তিনদিনের মধ্যেই অপ্রতিম হত্যা মামলার চার্জশিট: এসপি

আলোচিত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আদালতে মামলার অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে যুবদল কর্মী কাউসার হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেফতার-সংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে বের হয়ে আর বাসায় ফেরেনি অপ্রতিম। ওই রাতে তার বাবা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

অপ্রতিম কুমিল্লার কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ জানিয়েছে, তার সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে মোট চারজন অংশ নেন। তদন্তে তাদের শনাক্ত করে আটক করে পুলিশ। পরে তার বাবার করা মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতে হাজির করা হয়। সেখানে সিয়াম ছাড়া বাকি তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আসামিদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানো হয়। অপর দুই আসামি বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তারা হলেন মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯) এবং মো. সিয়াম (১৮)।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন