বাক প্রতিবন্ধী আছিয়া বেগম (৫০) প্রায় চার বছর আগে নওগাঁর সাপাহার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিলেন। তার স্বামী ঢাকায় রিক্সা চালাতো। খোঁজ নিয়ে জানা যায় যে, তিনি সেখানে যান নাই। এ সময় নওগাঁর সাপাহার থানায় জিডি করেন, পত্রিকায় বিজ্ঞাপন দেন ও পোস্টার ছাপিয়ে খোঁজ চান আছিয়ার পরিবার। কিন্তু কোনো সন্ধান পাননি।
আছিয়া বাক্প্রতিবন্ধী হওয়ায় নিজের পরিচয় কাউকে জানাতে পারছিলেন না।
৪ বছর পর গত ১০ অক্টোবর ২০২৬ বিকেলে জামালপুর শহরের জেলখানার সামনে থেকে স্থানীয়দের সহায়তায় আছিয়াকে সদর থানায় নেওয়া হয়। আকার-ইঙ্গিতে তাঁর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয় নাই।
এ অবস্থায় রাত নেমে আসে। অচেনা পরিবেশে অসহায় এই নারীর নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে জামালপুর সদর থানা। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা না হওয়ায় অবশেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জামালপুর এর দ্বারস্থ হয় থানা পুলিশ।
পিবিআই তথ্য প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করে এবং ঠিকানা বের করে। তার পরিবারের সাথে যোগাযোগ করার সকল প্রচেষ্টা করে পিবিআই।
পরদিন ১১ অক্টোবর বিকেলে আছিয়ার ছেলে রাশেদুল ও মাশেদুল জামালপুর সদর থানায় ছুটে আসেন। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে আছিয়াকে তাঁর সন্তানদের কাছে হস্তান্তর করা হয়।
মাকে ফিরে পেয়ে সন্তানেরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এই ঘটনায় পিবিআই ও জামালপুর সদর থানা পুলিশের সমন্বিত উদ্যোগের প্রতি তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

