জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা হয়েছে।
সোমবার বেলা পৌনে ১১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, আজ সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে একদল দুষ্কৃতকারী জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা করে।”
ঘটনার বর্ণনায় তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় ব্যানার নিয়ে একদল নারী-পুরুষ বাসার সামনে অবস্থান নেন। মিনিট দশেক পরে সেখান থেকে জি এম কাদেরের বাসায় ইটপাটকেল ছোড়া হয়। একপর্যায়ে লোকজন ভাঙচুর শুরু করে।
এ ঘটনার কয়েকটি ভিডিওতে দেখা গেছে, ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’–এর ব্যানারে অবস্থান নিয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। ব্যানারে লেখা, ‘জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সাথে যোগাযোগ: জি এম কাদেরের গ্রেফতার চাই’।
এ ব্যানার হাতে নিয়ে ওই ব্যক্তিরা স্লোগান দিচ্ছেন, ‘হৈ হৈ রৈ রৈ, সমন্বয়করা গেল কই’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘দালালদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’। এর মধ্যেই কয়েকজন বাসাটি লক্ষ্য করে ঢিল ছুড়ছেন।
যোগাযোগ করা হলে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, “সকালবেলা আমি নাশতা করছিলাম। এমন সময় হঠাৎ করে চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়। সকালবেলা হওয়ার কারণে তখন বাসায় তেমন কেউ ছিল না।
“জানালার কাচ ভেঙে ড্রয়িংরুমে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। তবে বাসার গেটে তালা লাগানো থাকায় কেউ ভেতরে ঢুকতে পারেনি।”
“জানালার কাচ ভেঙে ড্রয়িংরুমে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। তবে বাসার গেটে তালা লাগানো থাকায় কেউ ভেতরে ঢুকতে পারেনি।”
হামলাকারী কারা, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি ভেতরে ছিলাম, তারা কারা আমি বুঝতে পারিনি।”
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, বেলা ১১টার দিকে অচেনা নম্বর থেকে ফোন করে বলা হয়, জি এম কাদেরের বাসায় হামলা হয়েছে।
“আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে যাই, কিন্তু কাউকে পাইনি। সাধারণ জনতার ব্যানারে ৩০-৪০ জন ওই বাসায় হামলা চালিয়েছে। তারা বাইরে থেকেই ঢিল ছুড়ে ভাঙচুর করেছে, তবে ভেতরে কেউ ঢুকতে পারেনি।”
বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

