মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈনউদ্দিন এবার হত্যা মামলায় গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে এবার জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার পলাশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সোমবার এ আদেশ দেন বলে পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানান।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আজিম আহমেদ গত ১০ অক্টোবর মঈনউদ্দিনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। আদালত শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছিল।

সে অনুযায়ী মঈনউদ্দিনকে এদিন আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আহত হন ফিরোজ তালুকদার পলাশ। পরে তাকে মিরপুরের আলোক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় পলাশের স্ত্রী বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

২০২৪ সালের ২৬ অক্টোবর রাজধানীর গুলশান-২ এলাকা থেকে মঈনউদ্দিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন