অর্থাভাবে চোখের চিকিৎসা করাতে না পারা অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে যশোরের মনিরামপুর উপজেলার ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ৮টা থেকে কুমারঘাটা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ ক্যাম্পে ৫০০-এর বেশি মানুষ চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা দেওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি ছানি অস্ত্রোপচারের উপযোগী রোগীদের বাছাই করা হয়। তাঁদের পরবর্তী চিকিৎসার জন্য সাতক্ষীরার কাশেমপুর তালতলা বাজার এলাকায় অবস্থিত গ্রামীণ চক্ষু হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকেরা জানান, বাছাইকৃত ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার, প্রয়োজনীয় লেন্স, এক মাসের ওষুধ ও চশমা দেওয়া হবে। এ ছাড়া রোগীদের যাতায়াত খরচও বহন করা হবে। এতে আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা নিতে না পারা অসচ্ছল মানুষের জন্য চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবিজিকে ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সাইদ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পের আয়োজক ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মেহেদী হাসান সুমন, কুমারঘাটা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান, মাদ্রাসার সভাপতি মাস্টার মো. সিরাজুল ইসলাম, প্রফেসর মঈনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জেমস আব্দুর রহিম রানা, দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, সাংবাদিক সানোয়ার হোসেন থিতু, জিএম ফিরোজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচকেরা বলেন, গ্রামীণ এলাকায় চিকিৎসাকেন্দ্রের দূরত্ব, চিকিৎসার ব্যয় ও আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ দীর্ঘদিন চোখের সমস্যায় ভোগেন। বিশেষ করে বয়স্কদের ছানি রোগ সময়মতো চিকিৎসা না করালে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হতে পারে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষ প্রাথমিক চক্ষু পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার সুযোগ পান।
আয়োজক মো. মেহেদী হাসান সুমনের উদ্যোগে এবং সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করায় অসচ্ছল মানুষের মধ্যে উদ্যোগটি ইতিবাচক সাড়া ফেলেছে।

