দগ্ধ ছয়জনের অবস্থাই আশঙ্কাজনক, শরীরের ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পুড়েছে
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতিসহ চারজন দগ্ধ হয়েছেন। এ ছাড়া জেলার ফতুল্লা এলাকায় রাসায়নিকের কারণে দগ্ধ হয়েছেন আরও দুজন। পৃথক দুই ঘটনায় দগ্ধ ছয়জনকেই আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন রোজিনা (৩০), তাঁর স্বামী শরিফ (৩৪) এবং তাঁদের স্বজন রিয়াজ (২২) ও রনি (১৯)। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধদের মধ্যে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরিফ ও রিয়াজের ৪০ শতাংশ করে এবং রনির শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।
তিনি বলেন, দগ্ধদের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফতুল্লায় রাসায়নিক দগ্ধ ২
এদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় রাসায়নিকের কারণে দুজন দগ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাঁদের আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন আনোয়ার (৪০) ও সামসুল (৩০)।
আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আনোয়ারের শরীরের ৫৪ শতাংশ এবং সামসুলের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। তাঁদেরও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

