রবিবার, ১১ অক্টোবর ২০২৬

পাংশায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. বাবু (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে পাংশা পৌরসভার সরদার বাসস্ট্যান্ডসংলগ্ন আধুনিক ক্লিনিকের সামনে পাকা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. চান মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. বাবু নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে। তিনি বর্তমানে রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা এলাকায় বসবাস করতেন।

এ ঘটনায় এসআই মো. চান মিয়া বাদী হয়ে পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা করেছেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন