রাজবাড়ীর পাংশায় ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৩১০ টাকাসহ শিউলী বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি কৌশলে পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর দিবাগত রাত ১০টা ৫০ মিনিটের দিকে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে শিউলী বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের শিপন মণ্ডলের স্ত্রী। তাঁকে নিজ বসতবাড়ির সামনের বারান্দা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় শিউলী বেগমের পরিহিত বোরকার ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম গাঁজা এবং বিভিন্ন মূল্যমানের নোটে মাদক বিক্রির নগদ ৩ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে যান।
এ ঘটনায় পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনিক কুমার গোপ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা করেছেন। মামলাটি থানায় ১১ নম্বর হিসেবে নথিভুক্ত হয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

