আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১ নম্বর বাহাদুরপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ইউনিয়নের কালিতলা বাজারে বিভিন্ন দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও পথচারীদের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।
এ সময় আব্দুল মান্নান খান স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি লিফলেটের মাধ্যমে তিনি নিজের বিভিন্ন পরিকল্পনা, প্রত্যাশা ও জনগণের সঙ্গে সম্পৃক্ততার বিষয়গুলো তুলে ধরেন।
লিফলেট বিতরণের সময় তিনি বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
আব্দুল মান্নান খান দীর্ঘদিন ধরে বাহাদুরপুর ইউনিয়নের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এর আগে তিনি বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তার বিভিন্ন গণসংযোগমূলক কার্যক্রম স্থানীয় পর্যায়ে আলোচনায় এসেছে।

