কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের কার্যক্রম প্রতিরোধে নওগাঁ জেলা জুড়ে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল থেকে এ অভিযান শুরু হয়।
অভিযানের প্রথম দিনে অপ্রাপ্তবয়স্কদের চালানো ১৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে। আটক প্রতিটি মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের পাশাপাশি জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া নওগাঁ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে।
জেলা পুলিশ অভিভাবকদের প্রতি অপ্রাপ্তবয়স্ক সন্তানদের মোটরসাইকেল চালানোর সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে। পুলিশের মতে, অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোর ফলে সড়ক দুর্ঘটনার পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে।
পুলিশ আরও জানিয়েছে, নওগাঁ জেলার কোথাও কিশোর অপরাধ বা কিশোর গ্যাং-সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। তথ্য, সংবাদ বা ছবি নওগাঁর পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের কাছে পাঠানো যাবে।

