রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’। শনিবার (৩ অক্টোবর) সকালে সম্মেলনের পঞ্চম আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সুরক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রাতিষ্ঠানিক সংস্কার, বিনিয়োগ, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য ও শিক্ষা, তরুণদের কর্মসংস্থান, কৃষি, পানি ও পরিবেশ সুরক্ষাসহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট এবং বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আঞ্চলিক সহযোগিতার বিষয়েও গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী সংলাপ, অংশীদারত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এবারের সম্মেলন। এর প্রতিপাদ্য ‘Fragments, Frontiers, Futures: Navigating Power, Technology and Trust in a World Rewritten’। সম্মেলনে ভূরাজনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, অর্থনীতি, জলবায়ু, মানবনিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ সমসাময়িক বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে শতাধিক দেশের ২০০-এর বেশি বক্তা, ৩০০-এর বেশি প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন। এতে বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক, ব্যবসায়ী, প্রযুক্তি বিশেষজ্ঞ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
উদ্বোধনী পর্বে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এবং মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তিন দিনের এ আন্তর্জাতিক সংলাপে বঙ্গোপসাগর ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভূরাজনৈতিক পরিবর্তন, নিরাপত্তা, অর্থনৈতিক পুনর্বিন্যাস, প্রযুক্তিগত পরিবর্তন, জলবায়ু চ্যালেঞ্জ এবং আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

