অপারেশনাল কাজে দক্ষতা বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পেশাগত উৎকর্ষ, উৎসাহ ও উদ্দীপনা বাড়ানোর লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পেশাগত প্রতিযোগিতা শুরু হয়েছে। সারা দেশ থেকে বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নিচ্ছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

মহাপরিচালক ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছালে ফায়ার সার্ভিসের একটি সুসজ্জিত কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ড ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে উদ্ধার ও অপারেশনাল কার্যক্রমে সদস্যদের দক্ষতা আরও বাড়ানোর পাশাপাশি পেশাগত সক্ষমতা যাচাই এবং তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে মহাপরিচালকের নির্দেশনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এবারের প্রতিযোগিতায় মোট ছয়টি ইভেন্ট রাখা হয়েছে। এগুলো হলো—ভবনে আটকে পড়া ভিকটিম উদ্ধারের কৌশল প্রদর্শন, হোজ ড্রিল, ব্রেভ হার্ট, ভিকটিম ম্যানেজমেন্ট, ল্যাডার ক্লাইম্বিং এবং পাম্প ড্রিল।
এসব ইভেন্টের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, উদ্ধারকাজ পরিচালনা, অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহারের দক্ষতা এবং ভিকটিম ব্যবস্থাপনাসহ ফায়ার সার্ভিস সদস্যদের বিভিন্ন পেশাগত সক্ষমতা প্রদর্শনের সুযোগ তৈরি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স এবং অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

