বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬৭

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৬৭ জনকে আটক করেছে জেলা পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় ২৫টি অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৬২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, বাকি পাঁচজনের মধ্যে একজনকে ১৫১ ধারায় গ্রেপ্তার, একজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা ও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন থানায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানায় সাতজন, কোম্পানীগঞ্জ থানায় সাতজন, বেগমগঞ্জ মডেল থানায় ১৩ জন, সেনবাগ থানায় ১১ জন, চাটখিল থানায় ১১ জন এবং চরজব্বর থানায় ১১ জনকে আটক করা হয়। তাদের মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া সোনাইমুড়ী থানায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে ১৫১ ধারায় এবং অপরজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়। একই থানায় আরও দুজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, কবিরহাট থানায় আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন