‘ভিসতা ৫ম জাতীয় ডজবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)-২০২৬’-এর পুরুষ বিভাগে শিরোপা জয় করেছে বাংলাদেশ পুলিশ ডজবল দল। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি (ভারপ্রাপ্ত) এবং বাংলাদেশ পুলিশ থ্রোবল, ডজবল, ল্যাক্রোসবল, সিস্টোবল ও রকবল ক্লাবের সভাপতি ব্যারিস্টার জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট) ও ক্লাবের সম্পাদক মো. শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ডজবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের গোলারটেক মাঠে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরুষ ও নারী বিভাগের এ জাতীয় প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেয়।
পুরুষ বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ পুলিশের প্রতিপক্ষ ছিল নড়াইলের ফিরোজ স্মৃতি সংসদ। ফাইনালে শুরু থেকেই আধিপত্য দেখিয়ে বাংলাদেশ পুলিশ দল ৮-২ পয়েন্টের ব্যবধানে ফিরোজ স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় শিরোপা জয়ের পর দলের সদস্যদের আইজিপির সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশের ক্রীড়াঙ্গনের আরেকটি অর্জন উদ্যাপিত হয়।

