রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিবন্ধন করতে এসে শওকত নুর (২০) নামে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। জিজ্ঞাসাবাদে তিনি কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে এনআইডি করার উদ্দেশ্যে পীরগঞ্জে আসার কথা স্বীকার করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।
আটক শওকত নুরের পিতার নাম মৃত তৈয়ব এবং মাতার নাম মৃত উম্মে ছলিমা। তিনি কক্সবাজারের উখিয়ার জাদিমুড়া এলাকার রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, শওকত নুর সোমবার সকাল ৭টার দিকে বাসযোগে পীরগঞ্জ বাসস্ট্যান্ডে এসে নামেন। পরে সকাল ৯টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে বাসস্ট্যান্ড থেকে রিসিভ করে পীরগঞ্জ উপজেলা পরিষদ এলাকায় নিয়ে যান। ওই ব্যক্তি তাকে উপজেলা নির্বাচন অফিস দেখিয়ে দিয়ে সেখান থেকে চলে যান।
এরপর শওকত নুর উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আগ্রহ প্রকাশ করেন। এ সময় নির্বাচন অফিসের কর্মকর্তারা তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রয়োজনীয় তথ্যের সঠিক উত্তর দিতে ব্যর্থ হন। এতে কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শওকত নুর স্বীকার করেন, তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পীরগঞ্জে এসেছেন এবং এনআইডি নিবন্ধনের উদ্দেশ্যেই সেখানে উপস্থিত হয়েছেন।
পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে তাকে আটক করা হয়। তাকে পীরগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং ওই যুবক কীভাবে পীরগঞ্জে এসে এনআইডি নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

