সিলেটের জকিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় একজনের কাছ থেকে ৭ হাজার পিস এবং অপরজনের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দ্বিতীয় অভিযানে একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধার, মাদক চোরাচালান প্রতিরোধ, অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জকিগঞ্জ থানার পৃথক দুটি দল অভিযান চালায়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে জকিগঞ্জ থানাধীন ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ পূর্ব বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কালীগঞ্জ থেকে জকিগঞ্জগামী পাকা সড়কে জনৈক আফছার আহমদ রাজুর বসতবাড়ির সামনে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. হাসান মাহমুদ ওরফে আবুল (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার ৪ নম্বর সাতবাক ইউনিয়নের জুলাই মাঝর চটি গ্রামের বাসিন্দা।
অপরদিকে, একই দিন দুপুর ১২টা ২০ মিনিটে জকিগঞ্জ থানাধীন ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের সামনে পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায় পুলিশের আরেকটি দল। এ সময় ৬০০ পিস ইয়াবাসহ মো. ছমির আহমদ প্রকাশ স্বপন (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ছমির আহমদ জকিগঞ্জ উপজেলার দক্ষিণ খলাছড়া, চান্দশ্রীকোনা এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় জকিগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
পরে গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধার ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

