শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শজিমেক হাসপাতালে মোবাইল চুরির সময় হাতেনাতে আটক ১

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর ব্যাগ থেকে মোবাইল ফোন চুরির সময় মো. রবিউল (৩০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্যরা। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে আসা এক রোগীর সঙ্গে থাকা ব্যাগ থেকে মোবাইল ফোন চুরি করার সময় আনসার সদস্যরা রবিউলকে হাতেনাতে আটক করেন। পরে তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে উদ্ধার করা মোবাইল ফোনটি পরে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়। মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগী আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতিক্রমে আটক রবিউলকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার সময় হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন পিসি মো. আব্দুল বারী, আনসার মো. রব্বানী, আনসার সাইফুল ইসলাম ও আনসার মো. জামাল হোসেন। তাঁদের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতায় চুরির ঘটনা প্রতিরোধ, চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা সম্ভব হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, দেশের সরকারি হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অঙ্গীভূত আনসার সদস্যরা সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। জননিরাপত্তা নিশ্চিত এবং সেবাপ্রত্যাশী মানুষের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখতে তাঁদের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন