শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক

সিলেটের ওসমানীনগরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ওসমানীনগর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মশাল মিছিলের প্রস্তুতির খবর পেয়ে থানার একটি টহল দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে আলামতসহ তিনজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট আরও কয়েকজন সেখান থেকে পালিয়ে যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—সিলেট মহানগরের জালালাবাদ থানার টুকের বাজার (বানাগাঁও) এলাকার কামরুল হাসান সাগরের ছেলে সাব্বির আহমেদ বিপ্লব (২৬), কোতোয়ালি থানার শেখঘাট (নবাবপুর) এলাকার আব্দুল হামিদের ছেলে নাহিদ হাসান (২১) এবং দক্ষিণ সুরমা থানার পৈতপাড়া (শিববাড়ী) এলাকার সুরেশ পালের ছেলে হৃদয়পাল (২০)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তাদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ওসমানীনগর থানা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন