অনুসরণ করুন:
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে বাসের কালো ধোঁয়া ও হাইড্রোলিক হর্নে জরিমানা

১০ ডিজেলচালিত বাসের নিঃসরণ পরীক্ষা • পরিবেশ আইন লঙ্ঘনে ৬ মামলা • হাইড্রোলিক হর্ন ব্যবহারে আরও এক মামলা • মোট জরিমানা ১৭ হাজার ৫০০ টাকা

রাজধানীর মিরপুরে ডিজেলচালিত বাসের ক্ষতিকর গ্যাসীয় নিঃসরণ ও নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে সাতটি মামলায় মোট ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মিরপুর-১ থানাধীন গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার্স সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানে মোট ১০টি ডিজেলচালিত বাসের গ্যাসীয় নিঃসরণের মাত্রা পরীক্ষা করা হয়। যানবাহন থেকে নির্গত ধোঁয়ার ঘনত্ব যাচাইয়ে স্মোক ওপাসিটি মিটার (Smoke Opacity Meter) ব্যবহার করা হয়।

পরীক্ষায় পরিবেশগত মান লঙ্ঘনের ঘটনায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ছয়টি মামলা করা হয়। এসব মামলায় মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

একই অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী আরও একটি মামলা করা হয়। ওই মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সব মিলিয়ে সাতটি মামলায় জরিমানার পরিমাণ দাঁড়ায় ১৭ হাজার ৫০০ টাকা।

পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বাংলাদেশ পুলিশের ছয় সদস্য অংশ নেন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের প্রশাসন (সেবা) শাখার পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন।

রাজধানীতে যানবাহনের কালো ধোঁয়া ও অতিরিক্ত শব্দ বায়ু ও শব্দদূষণের অন্যতম উৎস হিসেবে বিবেচিত হওয়ায় পরিবেশ অধিদপ্তর বিভিন্ন এলাকায় যানবাহনের নিঃসরণ ও নিষিদ্ধ হর্নের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন