যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে প্রায় ৫০০ ফুট দীর্ঘ একটি খাল পরিষ্কার করা হয়েছে। খালটি পরিষ্কারের ফলে পানি নিষ্কাশন স্বাভাবিক হয়ে কাদার বিল এলাকার প্রায় ৬০০ থেকে ৬৫০ বিঘা ফসলি জমি সম্ভাব্য জলাবদ্ধতার ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ীর কপোতাক্ষ নদের পার্শ্ববর্তী ২ নম্বর সাগরদাঁড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাদার বিল এলাকায় চলতি মৌসুমে বিপুল পরিমাণ জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। সম্প্রতি অতিবৃষ্টির কারণে খালের সরু মুখ দিয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছিল। এর মধ্যে খালে কলমি শাক, কচুরিপানা, শ্যাওলা, ঘাস ও বিভিন্ন ময়লা-আবর্জনা জমে পানি চলাচলের পথ প্রায় বন্ধ হয়ে যায়। এতে বিস্তীর্ণ ফসলি জমিতে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দেয়।
এ অবস্থায় ২ নম্বর সাগরদাঁড়ী ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার ও স্থানীয় দলনেতা মো. ইয়াছিন আলীর উদ্যোগে আনসার ও ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমে খালে নেমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। তারা দীর্ঘ প্রায় ৫০০ ফুট খালের জলজ আগাছা ও ময়লা-আবর্জনা অপসারণ করেন। এতে পানি নিষ্কাশনের পথ সচল হয়।
খাল পরিষ্কারের পর পানি দ্রুত নিষ্কাশিত হওয়ায় কাদার বিল এলাকার প্রায় ৬০০ থেকে ৬৫০ বিঘা ফসলি জমি সম্ভাব্য জলাবদ্ধতার ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। একই সঙ্গে আমন ধান চাষে কৃষকদের সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কাও অনেকাংশে কমেছে।
কার্যক্রমে কৃষিবিষয়ক প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দেন ২ নম্বর সাগরদাঁড়ী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূর ইসলাম।
আনসার ও ভিডিপির পক্ষ থেকে জানানো হয়, বাহিনীর ডিজিটাল মোতায়েন কার্যক্রম এসটিডিএমএসের (STDMS) আওতায় এ ধরনের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের তথ্য ডাটাবেইজে সংরক্ষণ করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ সদস্যদের দেশসেবার মানসিকতা আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যতে গণপ্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় জনদুর্ভোগ লাঘব, কৃষি ও পরিবেশ সুরক্ষা এবং জনকল্যাণে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছেন বলে জানিয়েছে বাহিনীটি।

