সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রংপুর লংমার্চ ঘিরে গাইবান্ধায় ব্যাপক প্রস্তুতি, পলাশবাড়ী পথসভা সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


আগামী ১৯ সেপ্টেম্বর আমীরে জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে অনুষ্ঠিতব্য পথসভা এবং রংপুরের জনসভা সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত কার্যালয়ে রোববার দুপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্য গাইবান্ধা জেলা আহ্বায়ক সৈয়দ রোকনুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম এমপি বলেন, আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি পলাশবাড়ীর পথসভায় ব্যাপক জনসমাগম নিশ্চিত করা এবং রংপুরের জনসভা সফল করার জন্য এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের তাগিদ দেন।
তিনি আরও বলেন, কর্মসূচিকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফল করতে দায়িত্বপ্রাপ্ত সকলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে প্রচার-প্রচারণা জোরদার, স্থানীয় পর্যায়ে সমন্বয় বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির জেলা সভাপতি খাদেমুল ইসলাম খুদি, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি ইদ্রিস আলী, এলডিপির জেলা সভাপতি শরিফুল ইসলাম, জাগপার সভাপতি জাইদুল ইসলাম, রাশেদুল ইসলাম জুয়েল, কাজল রেখা পিংকি, শফিউল ইসলাম, আতিকুর রহমান আতিক এবং মাহমুদুল হাসান প্রমুখ।
সভায় পলাশবাড়ী পথসভা বাস্তবায়নে সাংগঠনিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা, জনসম্পৃক্ততা, দায়িত্ব বণ্টন এবং রংপুরের জনসভায় অংশগ্রহণের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামীর জেলা ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার বক্তারা আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চের পলাশবাড়ী পথসভা ও রংপুরের জনসভা সর্বাত্মকভাবে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন