রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফ্রান্সে বৈধ শ্রমবাজার সম্প্রসারণ চায় বাংলাদেশ

ফরাসি সিনেটরদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী; ওষুধ, চামড়া, সিরামিক ও পাটপণ্যের রপ্তানি বাড়ানোর পাশাপাশি ফরাসি বিনিয়োগের আহ্বান

বাংলাদেশি কর্মীদের জন্য ফ্রান্সে বৈধ ও নিয়মিত কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতির কথা পুনর্ব্যক্ত করে এসব অপরাধ প্রতিরোধে ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ জানিয়েছে ঢাকা।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিন সদস্যের একটি ফরাসি সিনেটর প্রতিনিধিদল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ-ফ্রান্স দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় দুই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, দক্ষ জনশক্তি তৈরি, অভিবাসন, শিক্ষা ও সংস্কৃতি।

বৈধ শ্রম অভিবাসনে আরও সুযোগ চায় ঢাকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফ্রান্সে বাংলাদেশিদের জন্য বৈধ ও নিয়মিত শ্রম অভিবাসনের সুযোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

দুই পক্ষ বাংলাদেশের কর্মীদের কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে একমত হয়। দক্ষ জনশক্তি তৈরি এবং তাদের জন্য বৈধ অভিবাসনের পথ সম্প্রসারণ দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র হয়ে উঠতে পারে বলে বৈঠকে উঠে আসে।

একই সঙ্গে শামা ওবায়েদ ইসলাম অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ অবস্থান পুনর্ব্যক্ত করেন। অনিয়মিত অভিবাসন ঠেকাতে ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

ফ্রান্সে রপ্তানির ঝুড়ি বড় করতে চায় বাংলাদেশ

দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের অংশ হিসেবে ফ্রান্সের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার আগ্রহের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তৈরি পোশাকের বাইরে বিশেষ করে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক এবং পাটপণ্য রপ্তানি বাড়ানোর সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেন। এসব খাতে ফরাসি বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও আর্থসামাজিক উন্নয়নে ফ্রান্সের অব্যাহত সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, অভিবাসন ও মানুষের চলাচলসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

ফরাসি সিনেটের সঙ্গে সম্পর্ক জোরদারের আগ্রহ

ফরাসি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে শামা ওবায়েদ ইসলাম ফ্রান্সের সিনেটের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন।

বিশেষ করে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মাধ্যমে দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন এবং বহুপক্ষীয় সহযোগিতাসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়েও মতবিনিময় হয়। আন্তর্জাতিক ও বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই পক্ষ।

বৈঠক শেষে উভয় পক্ষ আশা প্রকাশ করে, দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের নিয়মিত সফর ও মতবিনিময় বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ককে নতুন গতি দেওয়ার পাশাপাশি দীর্ঘদিনের বন্ধুত্ব ও অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন