রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

এআই-ডিপফেকের নতুন চ্যালেঞ্জ, সাইবার তদন্তে পুলিশের সক্ষমতা বাড়ানোর তাগিদ আইজিপির

সাইবার মামলা তদন্তে প্রশিক্ষক তৈরি হচ্ছে; টিওটি সম্পন্ন করা ৩৩২ পুলিশ কর্মকর্তা মাঠপর্যায়ের তদন্তকারীদের প্রশিক্ষণ দেবেন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিপফেক, এনক্রিপটেড যোগাযোগ ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে সাইবার অপরাধের ধরন। এই পরিস্থিতিতে সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও তদন্ত সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে সাইবার অপরাধ মামলা তদন্তবিষয়ক ‘ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি)’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক, এনক্রিপটেড যোগাযোগ ব্যবস্থা ও ক্লাউড কম্পিউটিংসহ নতুন প্রযুক্তি একদিকে সম্ভাবনার দ্বার খুলছে, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে।

বদলাতে হবে পুলিশিংয়ের ধরন

প্রযুক্তির অপব্যবহার করে অপরাধীরা সাইবার প্রতারণা, অনলাইন আর্থিক অপরাধ, তথ্য চুরি, হ্যাকিং, অনলাইন হয়রানি ও ডিজিটাল চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করছে উল্লেখ করে আইজিপি বলেন, ক্রমবর্ধমান সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশিংয়ের ধরনে পরিবর্তন আনা এখন সময়ের দাবি।

আধুনিক পুলিশিংয়ে সাইবার অপরাধ তদন্তের সক্ষমতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, এ কোর্সে শুধু প্রযুক্তিগত দক্ষতা অর্জন করলেই হবে না; প্রশিক্ষণ দেওয়া ও কার্যকর যোগাযোগের দক্ষতাও অর্জন করতে হবে। প্রশিক্ষণে পাওয়া জ্ঞান ও অভিজ্ঞতা অন্য তদন্তকারীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ের তদন্তকারীদের কার্যকরভাবে প্রশিক্ষণ দিতে পারলে সাইবার অপরাধের মামলা তদন্তে দক্ষ কর্মকর্তার সংখ্যা বহুগুণ বাড়ানো সম্ভব হবে।

৩৩২ কর্মকর্তা দেবেন মাঠপর্যায়ে প্রশিক্ষণ

পুলিশ হেডকোয়ার্টার্সের ট্রেনিং শাখার উদ্যোগে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ ১০ দিনের এ প্রশিক্ষণ কোর্স আয়োজন করেছে। পর্যায়ক্রমে টিওটি কোর্সে অংশ নেওয়া ৩৩২ জন পুলিশ কর্মকর্তা পরবর্তী সময়ে মাঠপর্যায়ে সাইবার অপরাধের মামলা তদন্তকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।

আইজিপি এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের পাশাপাশি প্রশিক্ষণ উপকরণ ও মডিউল প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে হালনাগাদ করার ওপর গুরুত্ব দেন।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর (অতিরিক্ত আইজি) কাজী মো. ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিআইডি প্রধান (অতিরিক্ত আইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

স্বাগত বক্তব্য দেন ডিআইজি (ট্রেনিং) মো. একরামুল হাবিব। অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং-২) ড. মোছা. শেহেলা পারভীন সাইবার অপরাধ তদন্ত প্রশিক্ষণের রোডম্যাপ ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে কাজী মো. ফজলুল করিম বলেন, বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে পুলিশ স্টাফ কলেজ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে কাজ করছে। নতুন এ প্রশিক্ষণ সাইবার অপরাধ মোকাবিলায় কর্মকর্তাদের তদন্ত দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বাড়াতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজের অনুষদ সদস্য ও রিসোর্স পারসনরাও উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন