বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

র‍্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষ জনবল ও বিদ্যমান সরঞ্জামের যথাযথ ব্যবহার এবং সদস্যদের প্রশিক্ষণ, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি জয়নুল আবেদীন বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) বিল, ২০২৬’ পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পর্যালোচনা শেষে প্রয়োজনীয় সংশোধনসহ বিলটি সংসদে উপস্থাপনের সুপারিশ করে কমিটি।

বাহিনী বিলুপ্ত নয়, দক্ষ জনবল-সরঞ্জাম কাজে লাগানোর তাগিদ

বৈঠকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতীতের কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

কমিটির বৈঠকে বলা হয়, অতীতে র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নানাভাবে অপব্যবহার করা হয়েছে। তবে কোনো বাহিনীর অপব্যবহারের কারণে পুরো বাহিনী বিলুপ্ত না করে সেখানে থাকা দক্ষ জনবল এবং বিদ্যমান সরঞ্জাম যথাযথভাবে কাজে লাগানো প্রয়োজন।

এ ক্ষেত্রে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের মানোন্নয়ন এবং পেশাদারিত্ব বাড়ানোর পাশাপাশি তাদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিরোধী দলের লংমার্চে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা

বৈঠকে বিরোধী দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের প্রসঙ্গও উঠে আসে। লংমার্চে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য তাদের ধন্যবাদ জানায় সংসদীয় কমিটি।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন অংশ নেন।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন