সড়ক দুর্ঘটনায় নিহত মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তাঁর পরিবারের আর্থিক সংকট লাঘবে প্রয়াত কর্মকর্তার ব্যাংক ঋণ পরিশোধের জন্য ২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিহত কর্মকর্তার স্ত্রী ফারজানা ইয়াসমিন পলির হাতে এ অর্থের চেক তুলে দেন। বাহিনীর ওয়েলফেয়ার শাখার পক্ষ থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।
গত ৫ জুলাই ২০২৬ চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তাঁর মৃত্যুর পর দাফন ও অ্যাম্বুলেন্স ভাড়ার জন্য তাৎক্ষণিকভাবে ৭৫ হাজার টাকা সহায়তা দিয়েছিল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
এবার দেওয়া ২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকার আর্থিক সহায়তার অর্থ দিয়ে প্রয়াত মোহাম্মদ আলাউদ্দিনের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বকেয়া ঋণ পরিশোধ করা হবে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে নিহত কর্মকর্তার বাবা এবং বাহিনীর ওয়েলফেয়ার শাখার পরিচালক এনামুল খাঁন উপস্থিত ছিলেন।
এ সময় মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, বিধি অনুযায়ী প্রয়াত কর্মকর্তার পরিবার যেসব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী, তা দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা হবে। ভবিষ্যতেও বাহিনীর পক্ষ থেকে পরিবারটির প্রতি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

