বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

শ্রম অধিকার ও শিল্পখাতে স্থিতিশীলতা নিশ্চিতে আইএলও-ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময়

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে শ্রম অধিকার সুরক্ষা, শিল্পখাতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশ ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন (Max Tuñón) ও সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত জাবীন খান ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক গাজী জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে একটি উপস্থাপনা দেওয়া হয়। এতে শিল্পাঞ্চলে পুলিশের দৈনন্দিন কার্যক্রম, শ্রমিক ও শিল্পখাতের নিরাপত্তা, শ্রম-সম্পর্কিত বিভিন্ন বিষয়, শ্রম বিরোধ প্রতিরোধ ও সমাধানে পুলিশের ভূমিকা এবং শিল্পাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

আলোচনায় শ্রমিকদের অধিকার সুরক্ষা, সামাজিক সংলাপ, কর্মক্ষেত্রে ন্যায়সংগত পরিবেশ নিশ্চিতকরণ এবং শোভন কর্মসংস্থানের ক্ষেত্রে আইএলওর লক্ষ্য ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বের মধ্যে পারস্পরিক সমন্বয়ের বিভিন্ন দিক গুরুত্ব পায়।

এ সময় উভয় পক্ষ শ্রমিকদের অধিকার রক্ষা, শিল্পখাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রম-সম্পর্কিত বিরোধ প্রতিরোধ ও সমাধানে আরও কার্যকর সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুন, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হারুন-উর-রশিদ হাযারী, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো. রেজাউল হক (ইন্টেলিজেন্স), পিপিএম এবং অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) হাসিবুল আলম, বিপিএম, পিপিএম উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে আইএলও বাংলাদেশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শ্রম অধিকার, শিল্প শান্তি ও স্থিতিশীলতা এবং শ্রম-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারে সম্মত হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ মতবিনিময় সভা শ্রম অধিকার সুরক্ষা, শিল্পখাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন