বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীতে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার করলেন দুই আনসার সদস্য

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হারিয়ে যাওয়া পাঁচ বছর বয়সী এক শিশুকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন কর্তব্যরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুই সদস্য।

বুধবার (২ সেপ্টেম্বর) হাসপাতালের ব্যস্ত পরিবেশে এক মুহূর্তের অসতর্কতায় নিখোঁজ হয়ে যায় শিশু আশরাফুল ইসলাম শাওন। সন্তানকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার মা। হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বিষয়টি কর্তব্যরত আনসার সদস্যদের নজরে আসে।

এ সময় হাসপাতালের মূল ভবনের তৃতীয় তলায় টহল ডিউটিতে ছিলেন এপিসি ধ্রুবজ্যোতি চাকমা ও আনসার সদস্য হাসান শরীফ। শিশুটি হারিয়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন।

দুই আনসার সদস্য হাসপাতালের বিভিন্ন তলা, করিডোর ও আশপাশের এলাকা তল্লাশি করে শিশুটিকে খুঁজতে থাকেন। তাদের তাৎক্ষণিক পদক্ষেপ ও সমন্বিত তৎপরতায় অল্প সময়ের মধ্যেই শিশুটির সন্ধান পাওয়া যায়।

পরে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশু আশরাফুল ইসলাম শাওনকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।

সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন শিশুটির মা। এ সময় আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। শিশুটিকে নিরাপদে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় হাসপাতালের উপস্থিত লোকজনের মধ্যেও স্বস্তি ফিরে আসে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত দায়িত্ব পালন করে থাকেন। দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও জনবান্ধব ভূমিকার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোরও বিভিন্ন নজির রয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হারিয়ে যাওয়া শিশুটিকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি দায়িত্বশীলতা ও মানবিকতার এমনই একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন