বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

সাড়ে ৫ মাস পর দেশে ফিরেছেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে তাকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে আসে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস।

বুধবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত ১১ মার্চ সন্ধ্যায় রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।

পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়।

চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল মির্জা আব্বাসকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে এতদিন তিনি ফিজিওথেরাপি গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন