শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন যুবক নিহত

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিন যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের এনায়েত মোল্লার ছেলে চয়ন মোল্লা (২০), একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) এবং আজগর শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনে তারা সড়কের দিকে এগিয়ে যান। সেখানে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে পড়ে থাকতে দেখা যায়। সড়কের ওপর তিন যুবক পড়ে ছিলেন এবং তাদের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকতার হোসেন জানান, দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল জানান, অজ্ঞাত একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত অপর দুই যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে তাদেরও মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে চলে গেছে। বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন