তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। দেশের তরুণ সমাজ ও মেধাকে ধ্বংস করতে আশপাশের দেশ থেকে মাদক ঢোকানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘লক্ষ্মীপুর সোসাইটি’র উদ্যোগে শহরের টাউন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমাদের দেশকে মেধাশূন্য করার জন্য আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা আমাদের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করে দিতে চক্রান্তে লিপ্ত।’ এ কারণে তরুণ সমাজকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া গেলে সমাজের অবক্ষয় থেকে বেরিয়ে আসা সম্ভব। মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সরকারের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘অভাব-অনটনের মধ্যেই আমরা বাংলাদেশ পরিচালনা করছি। একটি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নির্বাচনের পর আমরা দায়িত্ব নিয়েছি।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও স্বাস্থ্য খাতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সরকারের অন্যতম চ্যালেঞ্জ।
লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউছুফ।
অনুষ্ঠানে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

