শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সংকটাপন্ন রোগীর পাশে আনসার সদস্য, দিলেন জরুরি রক্ত

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গর্ভপাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণে সংকটাপন্ন এক রোগীকে জরুরি রক্ত দিয়ে চিকিৎসায় সহায়তা করেছেন অঙ্গীভূত আনসার সদস্য মো. আরিফুল ইসলাম। তাঁর স্বেচ্ছায় রক্তদানের ফলে রোগীর প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে সংকটাপন্ন অবস্থায় মোছা. খাদিজা খাতুনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

রোগীর স্বজনদের ভাষ্য অনুযায়ী, আকস্মিক শারীরিক জটিলতায় খাদিজা খাতুনের চার মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এর পর থেকেই তাঁর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় এবং দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে কর্তব্যরত চিকিৎসক রোগীর জীবন রক্ষায় জরুরি ভিত্তিতে রক্ত দেওয়ার পরামর্শ দেন।

তবে প্রয়োজনীয় রক্ত সংগ্রহে রোগীর স্বজনরা তাৎক্ষণিকভাবে সমস্যায় পড়েন। হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্নভাবে চেষ্টা করেও দ্রুত রক্তের ব্যবস্থা করতে না পারায় তাঁদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।

এ সময় বিষয়টি জানতে পারেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গার্ডে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্য মো. আরিফুল ইসলাম। রোগীর জরুরি রক্তের প্রয়োজনের কথা জানতে পেরে তিনি স্বেচ্ছায় রক্ত দিতে এগিয়ে আসেন।

রোগীর স্বামী মো. সুলতান হোসেন বলেন, সংকটের মুহূর্তে যখন রক্তের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছিল, তখন কোনো পূর্বপরিচয় বা ব্যক্তিগত স্বার্থ ছাড়াই আনসার সদস্য মো. আরিফুল ইসলাম এগিয়ে এসে রক্ত দেন। এ জন্য তিনি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংকটময় মুহূর্তে একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মো. আরিফুল ইসলামের এই রক্তদান মানবিক দায়িত্ববোধ ও সেবার মানসিকতার একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্যোগ ও বিভিন্ন সংকটময় পরিস্থিতিতেও মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নিয়ে থাকেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন