শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রংপুর মেডিকেলে চুরি ঠেকাল আনসার, আটক একজন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিলিং ফ্যান চুরি করে পালানোর সময় আলমগীর হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে হাসপাতালের দ্বিতীয় তলার ২ নম্বর মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে মেডিসিন ওয়ার্ড এলাকা থেকে সিলিং ফ্যান নিয়ে এক ব্যক্তিকে পালিয়ে যেতে দেখে। পরে আনসার সদস্যরা তাকে ধাওয়া করে হাতেনাতে আটক করেন।

আটক আলমগীর হোসেন গাইবান্ধা সদর উপজেলার বাসিন্দা। তার বাবার নাম আলাউদ্দিন।

পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে স্থানীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়।

চোর আটকের সময় দায়িত্ব পালন করেন এপিসি প্রশান্ত রায় এবং আনসার সদস্য রেজাউল, প্রভাত চন্দ্র ও শহিদুল ইসলাম ফরাজী।

হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন। সংশ্লিষ্টদের মতে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চুরি প্রতিরোধ ও অভিযুক্ত ব্যক্তিকে আটকের এ ঘটনা দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের সতর্কতা ও তৎপরতারই প্রতিফলন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন