ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি নেতৃত্বাধীন জোটকে সহায়তা করবে সিরিয়া; সীমান্তের উভয় পাশে শত শত সেনা মোতায়েন
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মোকাবেলা এবং ইয়েমেন সরকারকে শক্তিশালী করতে আন্তর্জাতিক সহায়তা চাইছে সৌদি আরব। এরই অংশ হিসেবে প্রায় ৩ হাজার সিরীয় সেনা সৌদি আরব ও ইয়েমেনে পাঠানো হচ্ছে। এরই মধ্যে শত শত সেনা সেখানে পৌঁছে মোতায়েন হয়েছেন বলে জানিয়েছেন ইয়েমেনের কয়েকজন কর্মকর্তা।
ইয়েমেনের তিনটি পৃথক সামরিক সূত্র এবং একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে সীমান্তের উভয় পাশে শত শত সেনা মোতায়েন করা হয়েছে।
সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকারের প্রেসিডেন্টের কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে আরও হাজার হাজার সেনা পাঠানো হচ্ছে।
সৌদি নেতৃত্বাধীন জোটে যোগ দিচ্ছে সিরীয় সেনারা
ইয়েমেনের প্রধান সরকারি দল প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের একটি সূত্র জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের হয়ে যুদ্ধ করতে সিরিয়া প্রায় ৩ হাজার সেনা পাঠাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র বলেন, ‘হুতিদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রায় ৩ হাজার সেনা পাঠানোর বিষয়ে সিরিয়া ও সৌদি আরব—দুই পক্ষ একমত হয়েছে।’
এ সপ্তাহে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সৌদি আরব সফরের সময় এ সমঝোতা হয়। সফরে দুই দেশ প্রতিরক্ষা চুক্তিসহ বিভিন্ন সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।
ইয়েমেন সীমান্তে ড্রোন অভিযান
এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে ইয়েমেনের সীমান্তবর্তী অংশে মোতায়েন থাকা সেনারা হুতিদের বিরুদ্ধে ড্রোন অভিযান পরিচালনা করছেন।
সিরিয়ায় বাশার আল-আসাদ-পরবর্তী সরকারের প্রধান পৃষ্ঠপোষক সৌদি আরব এখন মিত্রদের কাছে সহায়তা চাইছে। লোহিত সাগরের উপকূলের নিয়ন্ত্রণ ধরে রাখা ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ধারাবাহিক হামলার মুখে রয়েছে দেশটি।
সৌদি অর্থনৈতিক পরিকল্পনায় হুমকি
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের ওপর হুতিদের হামলা বেড়েছে। রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলার কারণে সেটি দুই সপ্তাহ বন্ধ রাখতে হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতি সৌদি আরবের বিশাল অর্থনৈতিক বহুমুখীকরণ পরিকল্পনাকে হুমকির মুখে ফেলেছে। হামলা মোকাবেলায় সৌদি আরবের মিত্রদের সহায়তা চাওয়ার অন্যতম কারণ হিসেবে এ পরিস্থিতিকে দেখা হচ্ছে।

