খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট চেয়েছিল ২ কোটি টাকা; আবেদনের চেয়ে ১ কোটি টাকা বাড়িয়ে অনুদান অনুমোদন করেছেন তারেক রহমান।
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদ্যাপনে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ২ কোটি টাকা অনুদান চাওয়া হলেও আবেদনের চেয়ে ১ কোটি টাকা বেশি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গত ২ নভেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে ৩ কোটি টাকা অনুদানের বিষয়ে অনুমোদন দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দ
আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদ্যাপন উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপে জানানো হয়, বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়।
আবেদনের চেয়ে ১ কোটি টাকা বেশি অনুদান
সারসংক্ষেপে ২০২৬ সালের বড়দিন উদ্যাপনের জন্য খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে ২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন চাওয়া হয়। তবে প্রস্তাবিত অর্থের পরিবর্তে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফলে ট্রাস্টের চাওয়া অর্থের তুলনায় ১ কোটি টাকা বেশি অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই অর্থ বড়দিন উদ্যাপন উপলক্ষে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে।

