ঘড়ির সঙ্গে হাতে লেখা ক্ষমাপ্রার্থনার চিরকুট; ক্রেতা সেজে ঘড়ি নিয়ে পালানো ব্যক্তিকে খুঁজছে পুলিশ।
জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯০ হাজার ডলার বা ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের একটি সুইস বিলাসবহুল ঘড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘড়িটির সঙ্গে ছিল হাতে লেখা একটি ক্ষমাপ্রার্থনার চিরকুট। সোমবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ক্রেতা সেজে ঘড়ি নিয়ে পালান ব্যক্তি
গত সপ্তাহে এক ব্যক্তি ক্রেতা সেজে টোকিওর ওই দোকানে প্রবেশ করেন। তিনি বিলাসবহুল ঘড়ি দেখার আগ্রহ প্রকাশ করেন এবং সুইস ব্র্যান্ড অডেমার পিগের একটি ঘড়ি হাতে পরে দেখেন। পরে ঘড়িটি হাতে রেখেই দোকান থেকে পালিয়ে যান তিনি।
ঘটনার পর ঘড়িটি চুরির বিষয়ে তদন্ত শুরু হয়। তবে এরই মধ্যে দোকান কর্তৃপক্ষের কাছে একটি প্যাকেট পৌঁছালে ঘটনাটি নতুন মোড় নেয়।
প্যাকেটে ঘড়ির সঙ্গে ছিল ক্ষমাপ্রার্থনার চিরকুট
জাপানের সংবাদমাধ্যম আসাহি শিম্বুনসহ বিভিন্ন গণমাধ্যম সোমবার তদন্তসংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানায়, দোকান কর্তৃপক্ষ একটি প্যাকেটের ভেতরে চুরি হওয়া ঘড়িটি ও হাতে লেখা একটি ক্ষমাপ্রার্থনার চিরকুট পেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ঘড়িটির সিরিয়াল নম্বর পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, এটি চুরি হওয়া সেই ঘড়ি।
এ বিষয়ে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে দোকান কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ঘড়িটি কীভাবে বা কার মাধ্যমে ফেরত এসেছে, সে বিষয়েও প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।
চুরির অভিযোগে ব্যক্তিকে খুঁজছে পুলিশ
ঘড়িটি ফেরত এলেও চুরির অভিযোগে ওই ব্যক্তিকে খুঁজছে টোকিও পুলিশ। আসাহি শিম্বুনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঘড়ি ফেরত দেওয়ার ঘটনায় তদন্তের নতুন দিক তৈরি হলেও অভিযুক্ত ব্যক্তির পরিচয় এবং চিরকুটটি কে লিখেছেন, তা এখনো প্রকাশ করা হয়নি।
একই বিপণিবিতানে আগেও ঘড়ি চুরি
গত আগস্টেও একই বিপণিবিতানের আরেকটি দোকান থেকে প্রায় ২০ কোটি ইয়েন বা ১৩ লাখ ডলার মূল্যের চারটি বিলাসবহুল ঘড়ি চুরি হয়েছিল। পরপর এমন চুরির ঘটনায় বিলাসবহুল ঘড়ির দোকানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।

