মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসব ঘিরে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪, আহত ৯৪

ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত বিভিন্ন এলাকায় সহিংসতা; একাধিক হামলায় ৯৪ জন আহত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বিনোদনকেন্দ্রেও গোলাগুলি।

যুক্তরাষ্ট্রে ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক বন্দুক হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। নৈশক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়ামের বাইরে, বাড়িতে আয়োজিত পার্টি ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে এসব হামলার ঘটনা ঘটে। উৎসব ঘিরে দেশজুড়ে সহিংসতা ও বিশৃঙ্খলার মধ্যে এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় টেক্সাসের ডালাস শহরের বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত ডিপ এলাম এলাকায়। সেখানে তিনটি পৃথক বন্দুক হামলায় অন্তত চারজন নিহত এবং ১৫ জন আহত হন। এ ছাড়া ফ্লোরিডা, আলাবামা, ইলিনয়, ইন্ডিয়ানা, ক্যালিফোর্নিয়া ও মিসিসিপিসহ বিভিন্ন এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।

ডালাসের ডিপ এলামে তিন দফা হামলা

টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম এলাকায় ১ নভেম্বর ভোরে তিনটি পৃথক বন্দুক হামলায় অন্তত চারজন নিহত এবং ১৫ জন আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গোলাগুলির শব্দে আতঙ্কিত মানুষকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে দেখা যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলা তিনটির মধ্যে এখন পর্যন্ত কোনো আন্তঃসংযোগ পাওয়া যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

রোববার এক সংবাদ সম্মেলনে ডালাসের পুলিশপ্রধান ড্যানিয়েল কোমো বলেন, ‘আমরা জানতাম, শনিবার রাত। আমরা জানতাম, হ্যালোইন। তাই পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।’ তবে তিনি এ রক্তপাতকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন।

সাম্প্রতিক সময়ে একের পর এক অপরাধের ঘটনায় এলাকাটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছিল। এ বছর সেখানে অন্তত সাতটি পুরোনো বার ও রেস্তোরাঁ বন্ধ হয়ে যায়। রোববারের হামলার পর পুরো এলাকা পুলিশি ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনার মধ্যে এলাকাটি কার্যত জনশূন্য হয়ে পড়ে।

জ্যাকসনভিলে পৃথক হামলায় নিহত দুই

ফ্লোরিডার জ্যাকসনভিলে পৃথক দুটি বন্দুক হামলায় দুইজন নিহত এবং অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটের দিকে একটি হ্যালোইন পার্টিতে প্রবেশের জন্য লাইনে অপেক্ষা করার সময় লক্ষ্যভ্রষ্ট গুলিতে নিহত হন ১৭ বছর বয়সী এক কিশোরী। পুলিশ জানায়, নিহত কিশোরী ও আহত অন্য দুজন বন্দুকধারীর মূল লক্ষ্য ছিলেন না।

এর কয়েক ঘণ্টা পর, স্থানীয় সময় ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে শহরের অন্য একটি বাড়িতে আয়োজিত পার্টির শতাধিক অতিথি রাস্তায় ছড়িয়ে পড়লে সেখানে গোলাগুলি শুরু হয়। এতে ২০ বছর বয়সী এক তরুণ নিহত এবং ১০ জন আহত হন।

আহতদের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরীর অবস্থা স্থিতিশীল। তবে অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশেও গোলাগুলি

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তার আশপাশে হ্যালোইন-সংশ্লিষ্ট অনুষ্ঠানে দুই ডজনের বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছেন।

আলাবামার বার্মিংহামে লেজিয়ন ফিল্ড স্টেডিয়ামের বাইরে বন্দুক হামলায় একজন নিহত এবং আটজন আহত হন। স্টেডিয়ামটিতে আলাবামা এঅ্যান্ডএম ও আলাবামা স্টেট বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ‘ম্যাজিক সিটি ক্ল্যাসিক’ ফুটবল ম্যাচ ঘিরে বিপুল জনসমাগম হয়েছিল।

এর প্রায় ৬০০ মাইল উত্তরে ইলিনয়ের ব্লুমিংটনে ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে গুলিতে আটজন আহত হন। ব্লুমিংটন পুলিশ বিভাগের তথ্যানুযায়ী, ঘটনাস্থলেই ১৯ বছর বয়সী এক তরুণীকে মৃত ঘোষণা করা হয়। আহত অন্য সাতজনকে হাসপাতালে পাঠানো হয়, যাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রায় একই সময়ে সেখান থেকে ২০০ মাইল দক্ষিণ-পূর্বে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ব্লুমিংটনে একটি বড় জমায়েত লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। তখন ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে হ্যালোইনের পাশাপাশি ‘হোমকামিং’ উৎসব চলছিল।

ব্লুমিংটন পুলিশ জানায়, শহরের কেন্দ্রীয় এলাকায় একাধিক ব্যক্তিকে পাওয়া গেছে, যাঁদের শরীরে গুলির আঘাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে পালানোর সময় একজনকে আটক করা হয়। তবে তিনি গুলি ছুড়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

পোশাকের দোকান ও নৈশক্লাবেও প্রাণঘাতী হামলা

উত্তর ক্যালিফোর্নিয়ার একটি পোশাকের দোকানে বন্দুকধারীর গুলিতে চার সন্তানের এক জননী নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই কিশোরের অবস্থা সংকটজনক।

এদিকে মিসিসিপির জ্যাকসন শহরের একটি নৈশক্লাবে গোলাগুলিতে দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

হ্যালোইনের পোশাকে পাঁচ বছরের শিশুর বুকে গুলি

মিশিগানের ডেট্রয়েটে হ্যালোইন উৎসবের রাতে বাড়ি বাড়ি ঘুরে ক্যান্ডি সংগ্রহের পর নিজের ঘরে খেলছিল পাঁচ বছর বয়সী এক শিশু। এ সময় হ্যালোইনের পোশাক পরা অবস্থায় তার বুকে গুলি লাগে।

ডেট্রয়েট পুলিশের উপপ্রধান আর্নল্ড উইলিয়ামস জানান, আহত শিশুটি মাকে বলেছিল, ‘আমার মনে হয়, আমার গুলি লেগেছে।’ বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল।

অন্যদিকে, ওকলাহোমা সিটির একটি ট্রেলার পার্কে হ্যালোইন পার্টি ঘিরে গোলযোগের সময় একজনের পায়ে একাধিক গুলি লাগে। তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া ঘটনাস্থলে দুটি গাড়ির সংঘর্ষে আরও দুজন নিহত হন। তবে তাঁদের মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়।

উৎসব ঘিরে সহিংসতা ঠেকানো কঠিন, বলছেন বিশেষজ্ঞ

হ্যালোইন উৎসবের সময় এ ধরনের সহিংসতার ঝুঁকি বেশি থাকলেও তা পুরোপুরি ঠেকানো কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাইডেন প্রশাসনের ব্যুরো অব জাস্টিস স্ট্যাটিস্টিকসের সাবেক পরিচালক ও মায়ামি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞানী অ্যালেক্সিস পিকেরো বলেন, ‘পুলিশ প্রতিটি বারের ভেতরে থাকতে পারে না। তারা প্রতিটি গাড়ি পার্কিংয়ের জায়গাতেও থাকতে পারে না।’

বিভিন্ন অঙ্গরাজ্যে একই সময়ে ঘটে যাওয়া এসব হামলা উৎসবকালীন জনসমাগমস্থলে নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জ সামনে এনেছে। তবে পৃথক ঘটনাগুলোর পেছনে কারা জড়িত এবং হামলাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে সব ক্ষেত্রে চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন