শনিবার, ৩ অক্টোবর ২০২৬

৪৯তম বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থী বাদ দেওয়ার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খানসহ ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বিক্ষোভে ডাকসু নেতারা অভিযোগ করেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কিছু শিক্ষার্থীকে চূড়ান্ত গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের দাবি, কোনো প্রার্থীর বিরুদ্ধে অপরাধমূলক সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট তথ্য না থাকলে শুধু রাজনৈতিক পরিচয়, মতাদর্শ বা অন্য কোনো অস্বচ্ছ প্রক্রিয়ার ভিত্তিতে চাকরির সুযোগ থেকে বঞ্চিত করা উচিত নয়।

তারা সরকারকে বৈষম্যহীন ও স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে গেজেট থেকে বাদ পড়া প্রার্থীদের বিষয়টি পুনর্বিবেচনা করে এর কারণ জনসমক্ষে স্পষ্ট করার দাবি জানান।

বক্তারা বলেন, একজন শিক্ষার্থী দীর্ঘ শিক্ষাজীবন ও প্রস্তুতির পর প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন। এরপর রাজনৈতিক বিদ্বেষ কিংবা স্থানীয় কোনো প্রভাবের কারণে তাঁর চাকরির সুযোগ বন্ধ করা হলে তা গ্রহণযোগ্য নয় বলে তারা মনে করেন।

ডাকসু নেতারা আরও বলেন, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের যে দাবি ছিল, চাকরির ক্ষেত্রেও তার প্রতিফলন থাকা প্রয়োজন। তাঁদের অভিযোগ, বর্তমান সরকার যদি নিয়োগপ্রক্রিয়ায় দলীয়করণ ও মেধার অবমূল্যায়নের পথ অব্যাহত রাখে, তাহলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ আরও বাড়তে পারে।

উল্লেখ্য, ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফলে ৬৬৮ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য মনোনীত করা হলেও যাচাই-বাছাই ও অন্যান্য প্রক্রিয়া শেষে ৩০ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত গেজেটে ৬১১ জনের নিয়োগ প্রকাশ করা হয়। এতে ৫৭ জনের নাম স্থান পায়নি। তবে গেজেটে তাঁদের বাদ দেওয়ার কারণ উল্লেখ করা হয়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন