শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শুধু ক্যারিয়ার নয়, দেশের মানুষের জন্য কাজের মানসিকতা গড়তে হবে: ডেপুটি স্পিকার

ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশসেবায় এগিয়ে আসার আহ্বান

শুধু ব্যক্তিগত ক্যারিয়ার গঠন নয়, অর্জিত মেধা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর মানসিকতা গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহমুদ-উল আমীন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডেপুটি স্পিকার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গৌরবময় ইতিহাস রয়েছে। দেশের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সেই ঐতিহ্য ধারণ করতে হবে।

তিনি বলেন, শুধু ক্যারিয়ার গঠন করলেই হবে না; দেশের মানুষের জন্য কাজ করার মানসিকতাও তৈরি করতে হবে। মেধা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষার্থীদের জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে।

নিয়মিত পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পরামর্শ দিয়ে উপাচার্য বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সাহিত্যচর্চাসহ বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশ নিতে হবে। একই সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।

প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম।

নবীনবরণ আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শারমিন মূসা ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রভাষক আশিকুর রহমান সমী বিভাগের পরিচিতি তুলে ধরেন এবং নবীন শিক্ষার্থীদের পক্ষে সাদিয়া আক্তার নিজের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক জান্নাতুন নাহার ঝিনু ও অনিকা তাবাসসুম।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে পরিবেশিত হয় জাগরণী গান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন