বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

অধিকারবঞ্চিত মানুষের পক্ষে ঐতিহাসিক পদক্ষেপ হবে লং মার্চ : মাওলানা আব্দুল হালিম

জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায়ের প্রতি সম্মান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ঐতিহ্যবাহী লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


এ কর্মসূচি সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে পলাশবাড়ী পৌর জামায়াত কার্যালয়ে গাইবান্ধা জেলা জামায়াতের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা আমীর মো. আব্দুল করিম এমপি এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান।প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে। আসন্ন লং মার্চ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; এটি দেশের নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পক্ষে একটি ঐতিহাসিক পদক্ষেপ।”
তিনি আরও বলেন, “ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। সেই ত্যাগের চেতনাকে ধারণ করে গণআকাঙ্ক্ষা ও গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ পরিচালনা করতে হবে। জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এখন সময়ের দাবি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর আনোয়ারুল ইসলাম, গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার, জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি এবং জেলা রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম এমপি।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় পলাশবাড়ী চৌরাস্তায় লং মার্চ উপলক্ষে একটি পথসভা অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন