অনুসরণ করুন:
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুই উপজেলায় আনসার-ভিডিপির নতুন অফিস, ছয় জেলায় কর্মকর্তাদের আবাসন উদ্বোধন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে দুই উপজেলায় নতুন অফিস ভবন এবং ছয় জেলায় কর্মকর্তাদের জন্য আবাসন উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব স্থাপনার উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

শনিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আনসার-ভিডিপি মহাপরিচালক বলেন, বাহিনীর সক্ষমতা বাড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে নতুন অবকাঠামোগুলো নির্মাণ করা হয়েছে। এসব স্থাপনার যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেন তিনি।

সরকারি দায়িত্ব পালনে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, আর্থিক শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করা না গেলে দেশ ও জনগণের কল্যাণে বাহিনীর নির্ধারিত লক্ষ্য যথাযথভাবে অর্জন করা সম্ভব নয়।

তিনি পারস্পরিক সহযোগিতা, নৈতিক মূল্যবোধ এবং পেশাগত নিষ্ঠার ভিত্তিতে জনগণের সেবায় দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, আধুনিক অবকাঠামোর পাশাপাশি মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বও একটি প্রতিষ্ঠানের সক্ষমতা ও সংস্কারকে টেকসই করার গুরুত্বপূর্ণ ভিত্তি।

নতুন স্থাপনাগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়ে মহাপরিচালক আশা প্রকাশ করেন, উন্নত অবকাঠামো ও সুশৃঙ্খল দাপ্তরিক ব্যবস্থাপনার মাধ্যমে মাঠপর্যায়ে আনসার-ভিডিপির কার্যক্রম আরও কার্যকর ও জনমুখী হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠপর্যায়ে কর্মকর্তাদের কর্মপরিবেশ ও আবাসন সুবিধা উন্নত করতে চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, যশোর, নীলফামারী, কুড়িগ্রাম ও লক্ষ্মীপুর—এই ছয় জেলায় জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের কর্মকর্তাদের জন্য নতুন অফিসার্স আবাসন নির্মাণ করা হয়েছে।

অন্যদিকে তৃণমূল পর্যায়ে বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সেবার পরিধি বাড়াতে ঠাকুরগাঁওয়ের হরিপুর এবং বগুড়ার ধুনট উপজেলায় আধুনিক উপজেলা আনসার ও ভিডিপি অফিস ভবন নির্মাণ করা হয়েছে। ভবন দুটি তিনতলা ভিত্তির ওপর নির্মিত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আনসার-ভিডিপি জানিয়েছে, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

নতুন উপজেলা অফিস ও কর্মকর্তাদের আবাসন মাঠপর্যায়ে উন্নত কর্মপরিবেশ তৈরির পাশাপাশি তৃণমূল পর্যায়ে বাহিনীর সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন