অনুসরণ করুন:
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রী উদ্ধার

কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় বাসটিতে থাকা প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রীকে জানালার কাচ ভেঙে উদ্ধার করেন স্থানীয় লোকজন। দ্রুত উদ্ধার তৎপরতার কারণে এ ঘটনায় কেউ হতাহত হননি।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজারের রামু উপজেলার কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে আগুন লাগার পর ভেতরে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে বাসটির জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন।

রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। কাছাকাছি অবস্থানে থাকায় তারা দ্রুত সেখানে গিয়ে যাত্রীদের উদ্ধারে সহায়তা করেন।

তিনি জানান, যাত্রীদের মালামালও বাসের ভেতর থেকে উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসটির এক যাত্রী বলেন, ‘আমরা কক্সবাজারে ঘুরতে এসেছিলাম। আমার সিট নম্বর ছিল এইচ-১। ঢাকা যাচ্ছিলাম। গাড়িতে আগুন লাগার বিষয়টি চালক বা হেল্পার আমাদের জানায়নি। প্রথমে পোড়া গন্ধ পাই, পরে আগুন দেখতে পাই। স্থানীয়রা বাসের জানালার কাচ ভেঙে আমাদের উদ্ধার করেন।’

পরিবারের সাত সদস্য নিয়ে কক্সবাজারে বেড়াতে আসা আরেক যাত্রী বলেন, ‘গাড়ির ভেতরে আগুন লাগার পর ধোঁয়া ও পোড়া গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্থানীয়রা জানালার কাচ ভেঙে আমাদের বের করে না আনলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।’

আগুন লাগার পর বাসের চালক ও হেল্পারকে ভেতরে দেখতে পাননি বলেও অভিযোগ করেন ওই যাত্রী।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, ‘যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে আগুন লাগার পর বাসটির চালক ও হেল্পার ঘটনাস্থল থেকে চলে গেছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী। তবে এ অভিযোগের বিষয়ে বাস কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আগুনের ঘটনার কারণে ওই সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন