বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মিরপুরের কাফরুলে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

ঢাকা, ১৮ আগস্ট:

রাজধানীর মিরপুরের কাফরুলে বাসের ধাক্কায় আম্বিয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় মিরপুর-১৪ নম্বরের বাগানবাড়ি বস্তি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে আকাশ জানান, তার মা একজন গৃহিণী। সোমবার সন্ধ্যা ৬টার দিকে বাসায় ফেরার পথে বাগানবাড়ি বস্তি এলাকায় একটি দ্রুতগামী কাকলী পরিবহনের বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে তাকে হাসপাতালের সার্জারি বিভাগের ২০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

আকাশ জানান, তাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়। আম্বিয়া বেগম মিরপুর-১৪ বাগানবাড়ি বস্তি এলাকায় স্বামী আবুল হাসানের সঙ্গে বসবাস করতেন। তিনি তাদের একমাত্র সন্তান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে আম্বিয়া বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন