দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের সঙ্গে এসে হারিয়ে যাওয়া পাঁচ বছরের শিশু জাকিরুলকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্যাথলজি বিভাগের সামনে শিশুটিকে একা কান্নারত অবস্থায় দেখতে পান দায়িত্বরত আনসার সদস্য এনামুল ইসলাম।
শিশুটিকে একা দেখে তিনি দ্রুত বিষয়টি পিসি আনিছুর রহমানকে জানান। পরে পিসিসহ অন্যান্য আনসার সদস্যরা শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়ে তার পরিচয় ও পরিবারের বিষয়ে জানার চেষ্টা করেন।
একই সঙ্গে শিশুটির স্বজনদের সন্ধানে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও আশপাশের এলাকায় খোঁজ শুরু করেন আনসার সদস্যরা। দীর্ঘ সময়ের প্রচেষ্টায় তারা শিশুটির মায়ের সন্ধান পান।
পরে শিশুটির পরিচয় ও পারিবারিক তথ্য যাচাই-বাছাই করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রয়োজনীয় যাচাই শেষে শিশু জাকিরুলকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।
হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির মা। তিনি আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
হাসপাতালগুলোতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি হারিয়ে যাওয়া শিশুকে দ্রুত শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় আনসার সদস্যদের দায়িত্বশীল ও মানবিক ভূমিকা প্রশংসা পেয়েছে।

