গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। এছাড়া মাথায় আঘাতজনিত কারণে সামান্য রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন।
শনিবার সকালে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে নুরুল হককে জরুরি বিভাগে আনা হয়। তখন তিনি রক্তাক্ত অবস্থায় ছিলেন এবং নাকের ভেতর ব্যান্ডেজ দেওয়া ছিল। সে সময় তার জ্ঞান স্বাভাবিক থাকলেও অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়।
চিকিৎসক জানান, রাতে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর সকালে তার মাথার সিটিস্ক্যান করা হয়। এতে নাকের হাড় এবং ডান পাশের চোয়ালের হাড় ভাঙা ধরা পড়ে। মাথায় আঘাতের কারণে ভেতরে সামান্য রক্তক্ষরণও হয়েছে। তার চোখ ও মুখ ফুলে গেছে এবং চোখে রক্ত জমে আছে। তবে শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এভারকেয়ার হাসপাতালের নিউরোসার্জারি, নাক-কান-গলা ও ক্যাজুয়েলটি বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে এখনো তাকে শঙ্কামুক্ত ঘোষণা করা যায়নি। শনিবার দুপুরে মেডিকেল বোর্ড তার পরবর্তী চিকিৎসার করণীয় ঠিক করতে বৈঠকে বসবে।

