ঢাকা, ২১ আগস্ট ২০২৫ খ্রি.
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলার মধ্যে অদ্যাবধি মোট ২৬টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে ৮টি হত্যা মামলা এবং ১৮টি অন্যান্য ধারায় মামলা অন্তর্ভুক্ত।
চার্জশিটকৃত ৮টি হত্যা মামলা শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা ও কুড়িগ্রাম জেলার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধীনে দায়েরকৃত। অন্যদিকে ১৮টি অন্যান্য ধারার মামলা বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও জামালপুর জেলার পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) আওতাভুক্ত।
হত্যা মামলাগুলোতে মোট ১,১৫৩ জন আসামি এবং অন্যান্য ধারার মামলায় ৬৮২ জন আসামি অন্তর্ভুক্ত।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দায়েরকৃত মামলাসমূহের যথাযথ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন। বাকি মামলাগুলোরও দ্রুত তদন্ত কার্যক্রম সম্পন্ন করে দায়ীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

