বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনসার-ভিডিপির সব ইউনিটে বিশেষ দোয়া ও মোনাজাত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদর দপ্তরসহ দেশের সব ইউনিটে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) যোহরের নামাজের পর মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও মানবিক শিক্ষাকে স্মরণ করে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় দেশ, জাতি এবং বাহিনীর সার্বিক কল্যাণ কামনা করা হয়।

দিবসটি উপলক্ষে আনসার-ভিডিপির সদর দপ্তরসহ সব ইউনিটে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে সদর দপ্তর মসজিদে অনুষ্ঠিত বিশেষ দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এ সময় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, উপমহাপরিচালকবৃন্দ এবং সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দোয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, দরুদ ও সালাম পেশ করা হয়। পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুপম চরিত্র, মানবিকতা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার, সততা ও শান্তির শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশেষ মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নতি কামনা করা হয়। একই সঙ্গে বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সুস্থতা এবং মঙ্গল কামনা করা হয়।

এ সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত এবং অসুস্থ ও বিপদগ্রস্তদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।

এ ছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনসার-ভিডিপি একাডেমি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে মহানবী (সা.)-এর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ, সততা ও নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন এবং সহকর্মী ও সেবাপ্রার্থীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। আনসার-ভিডিপি সদস্যদের মহানবী (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের সেবায় দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালনের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সদর দপ্তরের পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীনস্থ সব ইউনিটে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন