মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল, পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের আরও ১৭ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এ রদবদলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়। একই সঙ্গে আগের দুটি বদলি আদেশও বাতিল করা হয়েছে।

একটি প্রজ্ঞাপনে পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়।

এ ছাড়া রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার নাজমুল আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

অন্যদিকে, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে খাগড়াছড়িতে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

অপর একটি প্রজ্ঞাপনে এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে এর আগে জারি করা দুটি বদলি আদেশ বাতিল করা হয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ১১ ডিসেম্বরের আদেশে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে বদলির আদেশ বাতিল করা হয়। পাশাপাশি গত ৫ মে জারি করা আদেশে ডিএমপির উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।

অপর প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার নয় কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এর মধ্যে এপিবিএনের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. আবদুর রহমানকেও পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পিবিআইয়ের পুলিশ সুপার মো. জাফর হোসেনকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। একইভাবে পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামানকেও সিআইডিতে পদায়ন করা হয়েছে।

পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার এস এম রফিকুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের বিভিন্ন ইউনিট ও গুরুত্বপূর্ণ পদে এই রদবদল করা হলো।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন