অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ-নেপালের যৌথ আগ্রহ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-কে আবারও কার্যকর ও সক্রিয় করে আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং সংসদীয় কূটনীতি শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিন্ন উন্নয়ন ও সহযোগিতার লক্ষ্য সামনে রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। বর্তমান বাস্তবতায় সংস্থাটিকে নতুনভাবে কার্যকর করার সুযোগ এখনও রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। এ লক্ষ্যে নেপালসহ সদস্য রাষ্ট্রগুলোর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জবাবে নেপালের রাষ্ট্রদূত সার্ককে সক্রিয় করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগে সহযোগিতার আগ্রহের কথা জানান।

আলোচনায় নেপালের ফেডারেল পার্লামেন্টে বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়টি উঠে আসে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভারপ্রাপ্ত স্পিকার নেপাল সংসদের স্পিকারকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ জাতীয় সংসদেও দ্রুত একটি বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি মৈত্রী গ্রুপ গঠনের আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ সক্রিয় হলে সংসদীয় কূটনীতি জোরদার হবে, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে এবং আইন প্রণয়ন, সুশাসন, অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সফর ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগও আরও সম্প্রসারিত হবে।

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির প্রসঙ্গ উল্লেখ করে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, জ্বালানি, পানি সম্পদ, আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, যুব উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের মতো অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করা সম্ভব।

বৈঠকে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করে বলেন, উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের পথে বিভিন্ন সূচকে দেশের অগ্রগতি ইতিবাচক এবং নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশ জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে সফলভাবে উত্তরণ ঘটাতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতিক কার্কি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন