ঢাকা ২০ জুলাই ২০২৫
২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা তারেক আহমেদ বেগ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মাসুদ আলম বিপিএম। দুজনেই বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর পুলিশ অফিসার্স মেসে আয়োজিত ব্যাচের সভায় সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তারা দুই বছরের জন্য সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন এসপি মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, এসপি মো. মোতাহার হোসেন ও এসপি কামারুম মুনিরা।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন ব্যাচের সহকর্মীরা। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অচিরেই নতুন কার্যনির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচটি প্রশাসনিক দক্ষতা, পেশাদারিত্ব এবং জনসেবার মান উন্নয়নে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন নেতৃত্ব ব্যাচের ঐক্য, পেশাগত উৎকর্ষ এবং সামাজিক উদ্যোগে আরও গতি আনবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

