রাজধানীর মিটফোর্ড এলাকায় মো. সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে এবং দেশব্যাপী চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। শুক্রবার (১১ জুলাই) রাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে পল্টন ও মোহাম্মদপুর এলাকায় পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর শাখার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান বলেন, “মিটফোর্ডের এই নৃশংস হত্যাকাণ্ড প্রমাণ করে, সরকার জনগণের জান-মাল ও সম্মান রক্ষায় ব্যর্থ হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে এবং গণআদালতে তাদের বিচার করা হবে। বাংলাদেশে আর চাঁদাবাজি চলবে না, সন্ত্রাসীদের রাজত্ব চলবে না। দেশের মানুষ শান্তি ও নিরাপত্তা চায়, অন্যায়ের কাছে মাথা নত করে না।”
মোহাম্মদপুরের সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর উত্তর সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকী এবং পরিচালনা করেন মহানগর উত্তরের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান সায়েম। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মোল্লা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ এবং খেলাফত ছাত্র মজলিসের সভাপতি পরিষদ সদস্য মোহাম্মদ মাহদি হাসান সিকদার।
অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান এবং পরিচালনা করেন সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বর।
এ সময় বক্তারা বলেন, “ব্যবসায়ী হত্যাকাণ্ড এবং দেশজুড়ে চলমান চাঁদাবাজির বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক বোরহান উদ্দিন ইমাম, মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা আরাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হুজাইফা এবং ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন হাসিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে খেলাফত যুব মজলিসের উদ্যোগে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

